বুধবার

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত কপোতাক্ষ এক্সপ্রেস থেকে বিচ্ছিন্ন অতিরিক্ত ইঞ্জিন, ধাক্কায় আহত রেলকর্মী

🕙 প্রকাশিত : ৩ জুন, ২০২৬ । ১১:১১ পূর্বাহ্ণ

রাজশাহীতে চলন্ত কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় এক রেলকর্মী আহত হয়েছেন। আহত ওয়েম্যান জাহিদ (৪০) মাথায় গুরুতর আঘাত পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৩ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে নগরীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের পেছনে ঈশ্বরদী থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন রাজশাহীতে আনা হচ্ছিল। পথে পবা উপজেলার ভরোয়াপাড়া এলাকায় ইঞ্জিনটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ট্রেনটি দ্রুতগতিতে চলতে থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেননি সংশ্লিষ্টরা।

বিচ্ছিন্ন ইঞ্জিনটি নিজ গতিতে কিছু দূর এগিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকার কাছে গিয়ে থামে। এদিকে কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। পরে ইঞ্জিনে থাকা লোকোমাস্টার সেটি পুনরায় চালু করে স্টেশনে নিয়ে যান।

গ্যাং-৬-এর ওয়েম্যান সেকেন্দার আলী জানান, বিচ্ছিন্ন ইঞ্জিনটি ট্রেনের একেবারে পেছনে থাকায় সেটি আলাদা হয়ে যাওয়ার বিষয়টি চোখে পড়েনি। ট্রেন চলে যাওয়ার পর জাহিদ রেললাইনে ওঠার সময় পেছন থেকে আসা ইঞ্জিনটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে আহত জাহিদকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, “কপোতাক্ষ এক্সপ্রেসের সঙ্গে যুক্ত অতিরিক্ত ইঞ্জিনটি কী কারণে বিচ্ছিন্ন হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ