রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলার প্রধান দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। মামলার অভিযোগ গঠন শুনানিকে কেন্দ্র করে সোমবার (১ জুন) সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে তাদের আদালতে আনা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আসামিদের প্রথমে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। পরে তাদের উপস্থিতিতে ঢাকার শিশু নির্যাতন ও সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর শিশু রামিসাকে কৌশলে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যান সোহেল রানা। পরে সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজির সময় তার মা আসামিদের কক্ষের সামনে মেয়ের জুতা দেখতে পান। ডাকাডাকিতে কোনো সাড়া না পেয়ে অন্যদের সহায়তায় কক্ষে প্রবেশ করলে সেখানে রামিসার মাথাবিহীন মরদেহ এবং একটি বালতির মধ্যে তার বিচ্ছিন্ন মাথা দেখতে পান। এ সময় স্বপ্না আক্তার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার দিনই শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে আটক করা হয়।
পরদিন ২০ মে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই দিনে আদালত স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে আজকের অভিযোগ গঠন শুনানিকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

