ঠাকুরগাঁওয়ে দ্রুত সময়ের মধ্যে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৭ মে) সকালে জেলা সদরের জামালপুর, নারগুন, গড়েয়া ও আউলিয়াপুরসহ কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণে একটি বাস্তবায়ন কমিটি কাজ করছে। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন দিক বিবেচনা করে এমন স্থান নির্বাচন করা হবে, যাতে আবাদি জমির ক্ষতি কম হয় এবং সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, ইতোমধ্যে কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। খুব দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাস্তবায়ন কমিটির সুপারিশ পাওয়ার পর তা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরবর্তী কার্যক্রম দ্রুত শুরু করা হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসরাফিল শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

