জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফ্যাসিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
সোমবার (২৫ মে) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় কবির সমাধিতে তার ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নজরুলের সাহিত্য সাম্য, মানবতা ও প্রতিবাদের চেতনায় ভরপুর। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার গান ও কবিতা মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।
তিনি আরও বলেন, অন্যায়, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি বিদ্রোহী কবির রচনা থেকেই পাওয়া যায়। গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও নজরুলের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এর আগে সকালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

