রবিবার

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের মধ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

🕙 প্রকাশিত : ২৪ মে, ২০২৬ । ১২:৪৬ অপরাহ্ণ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রথমবারের মতো এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, প্রতিরক্ষা-সংক্রান্ত গোপন তথ্য শত্রুপক্ষের কাছে পাচারের দায়ে দোষী সাব্যস্ত মোশতবা কিয়ান নামের ওই ব্যক্তির ফাঁসি রোববার ভোরে কার্যকর করা হয়েছে।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম ‘মিজান অনলাইন’ জানায়, মোশতবা কিয়ান দেশের প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য বিদেশি শত্রুপক্ষের কাছে সরবরাহ করেছিলেন। তাকে একটি কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ দিন ধরে চলমান যুদ্ধের সময় কিয়ান ইরানের প্রতিরক্ষা সক্ষমতা সংক্রান্ত তথ্য পাচার করেছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতারা নিহত হওয়ার পর সংঘাত শুরু হয়। এরপর তেহরান পাল্টা হামলা চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাতের সময় সংঘটিত গুপ্তচরবৃত্তির ঘটনায় সরাসরি জড়িত কাউকে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এটিই প্রথম। যদিও যুদ্ধ শুরুর আগের গুপ্তচরবৃত্তির অভিযোগে এর আগেও কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

মিজান অনলাইনের দাবি, কিয়ান শত্রুপক্ষ-সংশ্লিষ্ট নেটওয়ার্কে একাধিক বার্তা পাঠিয়েছিলেন। এসব তথ্যের মধ্যে প্রতিরক্ষা শিল্পের যন্ত্রাংশ তৈরির কারখানার অবস্থান ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এছাড়া তিনি স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্কের কাছেও তথ্য পাঠিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তবে কোন কোন গণমাধ্যমে তথ্য পাঠানো হয়েছিল, তা উল্লেখ করা হয়নি।

ইরানি সংবাদমাধ্যমটির দাবি, কিয়ান যে স্থাপনার তথ্য পাচার করেছিলেন, যুদ্ধ চলাকালে সেটি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার ভোরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিকে, গত বৃহস্পতিবারও সশস্ত্র বিদ্রোহ ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

সূত্র: এএফপি

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ