মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৮৪টি পূজা মণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী অনিরুদ্ধ রায়। প্রতিটি পূজা মণ্ডপে নগদ ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
সোমবার বেলা পৌনে ৩টায় উপজেলার আঙ্গারিয়া এলাকায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদানের অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। শারদীয় দুর্গোৎসবে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ব্যবসায়ীদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
আয়োজক অনিরুদ্ধ রায় তার বক্তব্যে বলেন , সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব যাতে আনন্দমুখর ও সুষ্ঠু পরিবেশে উদযাপিত হতে পারে, সেই লক্ষ্যেই তিনি এই সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।





