মানিকগঞ্জের ঘিওর উপজেলার পশ্চিম জাবরা এলাকায় গাঁজা সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । তাদের মধ্যে দুজনকে এক বছর ১০ মাস করে এবং অপরজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ।
মঙ্গলবার পশ্চিম জাবরা এলাকায় পরিচালিত অভিযানে মো. রাব্বি মোল্লাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় । মো. রাব্বি খান ও খোরশেদ আলমকে এক বছর ১০ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে ।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খোরশেদ আলমের নিজ বাড়িতে আরও দুজনকে নিয়ে দলবদ্ধভাবে গাঁজা সেবনের সময় তাদের আটক করা হয় । তারা দীর্ঘদিন ধরে নিয়মিত গাঁজা সেবন করে আসছিলেন বলেও অভিযানে সংশ্লিষ্টরা জানান ।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোরশেদ আলম । মোবাইল কোর্ট পরিচালনা করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ।