সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মরদেহের পাশেই লাল রঙের একটি শাড়ি পড়ে ছিল।
সোমবার (২২ জুন) ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কামারখন্দ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে। সকালে মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, মরদেহের কাছেই বিয়েতে ব্যবহৃত লাল রঙের একটি শাড়ি পাওয়া গেছে, যা ঘটনাটিকে ঘিরে রহস্য আরও বাড়িয়েছে।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, “অজ্ঞাত পরিচয়ের ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
তিনি আরও বলেন, “ওই নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে। এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা, তদন্ত ছাড়া এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।”

