গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষক দম্পতিসহ আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের বাড়াইপাড়া এলাকায় গাইবান্ধা-ধর্মপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতাড়ি গ্রামের মাসুদুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রোস্তম (৩৩) এবং সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি গ্রামের বাবু বাশার ওরফে পাতা মিয়ার ছেলে ইজিবাইক চালক ফরিদ মিয়া (৪৮)।
আহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জোব্বার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সামিউল ইসলাম (৫২), তার স্ত্রী ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেরুন্নেসা বেগম (৪৫), স্কুল শিক্ষক নাজমুন নাহার লাকি (৪০) ও শোভাগঞ্জ এলাকার শাপলা আখতার (৪০)। আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকটি দাঁড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল। পথে বাড়াইপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই একটি মিনি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক ও পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই যাত্রী আব্দুর রাজ্জাক মারা যান। গুরুতর আহত অবস্থায় ইজিবাইক চালক ফরিদ মিয়াসহ অন্যদের গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ মিয়ার মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

