দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এবার দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
পরীক্ষা উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, পরীক্ষার সময় সব কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্রের আশপাশের এলাকা যানজটমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করারও আহ্বান জানানো হয়েছে।
এদিকে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজন নিশ্চিত করতে গত দুই সপ্তাহ ধরে বিভিন্ন জরুরি নির্দেশনা জারি করছে শিক্ষাবোর্ডগুলো। ইতোমধ্যে ৩ হাজার ২০৯টি কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক কেন্দ্রে আগে থেকেই সিসি ক্যামেরা রয়েছে। নতুন কেন্দ্রগুলোতেও এ ব্যবস্থা চালুর জন্য কেন্দ্র সচিবদের উৎসাহিত করা হয়েছে।

