দেশে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য কঠোরভাবে দমন করা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্প্রতি চট্টগ্রামে পুলিশ ও র্যাবের ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরলে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় র্যাব ও পুলিশের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা শিগগিরই দৃশ্যমান হবে। তারা যে উদ্ধত আচরণ ও দুঃসাহস দেখিয়েছে, তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৭ বছরে দেশে আইনের শাসনের ঘাটতি ছিল এবং দুর্বৃত্তায়নের বিস্তার ঘটেছে। জঙ্গল সলিমপুরকে “রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র” হিসেবে গড়ে তোলার চেষ্টা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, যৌথ অভিযানে ওই এলাকা থেকে বিপুল অস্ত্র উদ্ধার এবং একাধিক দাগী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে ভবিষ্যতে পুলিশ একাডেমি, র্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স ও চট্টগ্রাম জেলা কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্ত্রাসীরা তাদের পুরোনো আধিপত্য ধরে রাখতে চায়। কিন্তু দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবেই। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কোনো জায়গা হবে না। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।”
এ সময় জঙ্গল সলিমপুরে পুলিশ ও র্যাব ক্যাম্পে হামলার বিষয়ে র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেন, “আমরা হয়তো তাদের সেই মাত্রার মনিটরিং করতে পারিনি। তবে আমাদেরকে পরাস্ত করার মতো শক্তি তাদের নেই—এটা তারা ভালোভাবেই জানে।”
ঈদুল আজহাকে সামনে রেখে জাতীয় ঈদগাহসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব বক্তব্য দেওয়া হয়। র্যাব জানিয়েছে, ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

