কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, এক মাসব্যাপী কোনো গণআন্দোলনকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা মুক্তিযুদ্ধের গুরুত্বকে খাটো করে। তিনি মনে করেন, এ ধরনের তুলনা ইতিহাসের প্রতি অবিচার।
সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “এ বাংলায় শুধু বেলি-চামেলি আর জুঁই ফুলই ফোটে না, রক্তজবা-ও ফোটে। এ দেশে শুধু কোকিল ডাকে না, জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও আছে। যতদিন এই শক্তি থাকবে, ততদিন মুক্তিযোদ্ধারাই জয়ী হবে—রাজাকারদের কোনোদিন জয় হবে না।”
তিনি আরও বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোকে ‘গণঅভ্যুত্থান’ বলা যেতে পারে, তবে সেটিকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ঠিক নয়। “হিমালয়ের সঙ্গে একটি পিলারের তুলনা যেমন অযৌক্তিক, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনাও তেমন,”—বলেন তিনি।
বিরোধী দলকে উদ্দেশ করে ফজলুর রহমান বলেন, তার বক্তব্যের পর অনেকে প্রশ্ন তুলতে পারেন তারা কি মুক্তিযুদ্ধে অংশ নেননি। তিনি দাবি করেন, বিরোধী দলের কিছু নেতা নিজেদের মুক্তিযোদ্ধা পরিবারের দাবি করলেও তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে।
৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সে সময় দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছিল। “শিল্পকলার সামনে কোনো গান, নাটক বা লালনগীতি আয়োজন করা যায়নি। সবকিছুই এক ধরনের অশুভ শক্তি নষ্ট করে দিয়েছে,”—অভিযোগ করেন তিনি।
এছাড়া নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি জানান, একসময় তার বাসার সামনে হামলার উদ্দেশ্যে জনতা জড়ো হয়েছিল। সে সময় দ্রুত ব্যবস্থা নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।
মুক্তিযুদ্ধের সঙ্গে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের তুলনা ‘অন্যায়’: সংসদে ফজলুর রহমান
🕙 প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ । ১২:৪৯ অপরাহ্ণ

