মঙ্গলবার

২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আট বিভাগে ঝড়-বৃষ্টির সতর্কতা, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা

🕙 প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ । ১১:৪৯ পূর্বাহ্ণ

রাজধানীসহ দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েকদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়াতে পারে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কালবৈশাখী ঝড় ও ভারি বর্ষণ নিয়ে পৃথক দুটি বিশেষ সতর্কবার্তা প্রকাশ করে সংস্থাটি। এতে বলা হয়, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
অন্যদিকে, বজ্রমেঘের সক্রিয়তা অব্যাহত থাকায় আগামী ৯৬ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এতে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস বিশেষভাবে সতর্ক করে বলেছে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় টানা ভারি বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে এবং এ সময়ে তাপপ্রবাহ ফিরে আসার সম্ভাবনা কম।
তিনি আরও জানান, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ