শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট শক্তিতে আরও পিছিয়ে বাংলাদেশ, ভিসা ছাড়াই ভ্রমণ সুযোগ ৩৬ দেশে

🕙 প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ । ৫:৫৭ পূর্বাহ্ণ

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান আরও দুই ধাপ পিছিয়েছে। সর্বশেষ প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম, যা আগের তালিকায় ছিল ৯৩তম। ফলে আন্তর্জাতিক ভ্রমণ সক্ষমতার দিক থেকে দেশের অবস্থান কিছুটা দুর্বল হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে নতুন এই সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে।
তালিকা অনুযায়ী, বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত বা সহজ ভ্রমণ সুবিধার দেশগুলোর মধ্যে রয়েছে— বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া এবং মন্টসেরাট।
এছাড়াও তালিকায় রয়েছে— নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু। এসব দেশের মধ্যে কিছুতে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা রয়েছে, অর্থাৎ গন্তব্যে পৌঁছে ভিসা নেওয়া যায়। আবার কয়েকটি দেশে ভ্রমণের আগে ই-ভিসা গ্রহণ করতে হয়।
অন্যদিকে, আগের মতোই নতুন তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে অবস্থান করছে সুইডেন।
চতুর্থ স্থানে রয়েছে— বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে আছে— অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। আর ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক চলাচল সুবিধা বাড়াতে বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করা প্রয়োজন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ