ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নৌ-অবরোধ ভাঙতে ব্যর্থ হয়ে হরমুজ প্রণালিতে ফিরে যেতে বাধ্য হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত তেলবাহী জাহাজ ‘রিচ স্টারি’। শিপিং তথ্য বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) পারস্য উপসাগর ত্যাগের চেষ্টা করলেও শেষ পর্যন্ত বুধবার জাহাজটি আবার হরমুজে ফিরে আসে।
রোববার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে এই নৌ-অবরোধ ঘোষণা করেন। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধ কার্যকর হওয়ার প্রথম ২৪ ঘণ্টার মধ্যে কোনো জাহাজই মার্কিন বেষ্টনী অতিক্রম করতে পারেনি। অন্তত ছয়টি জাহাজ নির্দেশ মেনে পুনরায় ইরানি বন্দরে ফিরে গেছে।
মঙ্গলবার ওমান উপসাগরে ইরানের চাবাহার বন্দর থেকে দুটি তেলবাহী ট্যাংকার বের হওয়ার চেষ্টা করলে একটি মার্কিন ডেস্ট্রয়ার সেগুলোকে বাধা দেয়। চীনের মালিকানাধীন ‘রিচ স্টারি’ জাহাজটি ওই দিন এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করা আটটি জাহাজের মধ্যে একটি ছিল।
সাংহাই সুয়ানরুন শিপিং কোম্পানির মালিকানাধীন এই মাঝারি পাল্লার ট্যাংকারটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে প্রায় আড়াই লাখ ব্যারেল মিথানল বহন করছিল। ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের কারণে জাহাজটি এবং এর মালিক প্রতিষ্ঠান উভয়ই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
অন্যদিকে এলএসইজি-র তথ্য অনুযায়ী, ‘অ্যালিসিয়া’ নামের আরও একটি বড় তেলবাহী ট্যাংকার বুধবার হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম এই খালি জাহাজটি বৃহস্পতিবার ইরাক থেকে পণ্য বোঝাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে জাহাজ মালিক, তেল কোম্পানি এবং যুদ্ধ ঝুঁকি বিমাকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে ১৩০টির বেশি জাহাজ এই পথ ব্যবহার করত। বর্তমানে সেই সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর কঠোর অবস্থান বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
সূত্র: এনডিটিভি
নৌ-অবরোধে থমকে তেল পরিবহন, হরমুজে ফিরল ‘রিচ স্টারি’
🕙 প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ । ৬:৩৮ পূর্বাহ্ণ

