জাতীয় সংসদে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ ও ফ্লাইট পরিচালনা প্রসঙ্গে বেসরকারি খাতের অংশগ্রহণে সরকারের সহযোগিতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কোনো প্রাইভেট কোম্পানি সেখানে ফ্লাইট অপারেট করতে চাইলে সরকার প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে সহায়তা করবে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এমপি মোশাররফ হোসেন তার প্রশ্নে বলেন, কুয়াকাটা একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। সেখানে নৌঘাঁটি, ক্যান্টনমেন্ট ও পায়রা বন্দর রয়েছে। দ্রুত একটি বিমানবন্দর নির্মাণ করা গেলে কুয়াকাটাকে আরও গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে কি না—এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দর নির্মাণ ও ফ্লাইট পরিচালনা অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সেখানে ফ্লাইট চালু করা গেলেও যদি তা লোকসানে পড়ে, তাহলে এর চাপ পড়বে জনগণের ওপর। তাই বিষয়টি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকার যেমন কোনো লোকসান চায় না, তেমনি উদ্যোক্তাদের উদ্যোগ ব্যর্থ হোক সেটিও কাম্য নয়। এজন্য সম্ভাব্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, “কোনো প্রাইভেট কোম্পানি যদি কুয়াকাটায় ফ্লাইট অপারেট করতে চায়, তাহলে সরকারের পক্ষ থেকে সেখানে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব।”

