বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সামিটে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি জরুরি পদক্ষেপ, ঐক্যবদ্ধ উদ্যোগ এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দাবি রাখে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য দ্রুত সহায়তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ আহ্বানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও ইতিবাচক সাড়া প্রত্যাশা করেন তিনি।
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, এ সংকট বিশ্বব্যাপী পারস্পরিক নির্ভরতা ও দুর্বলতার চিত্র স্পষ্ট করেছে। কোনো দেশ এককভাবে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না উল্লেখ করে তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
জ্বালানি সংকটের প্রভাব ইতোমধ্যে বাংলাদেশের অর্থনীতিতে পড়ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি সামাল দিতে সরকার স্বল্পমেয়াদী বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে—সরকারি অফিস ও বাজারের সময়সূচি পরিবর্তনের মাধ্যমে চাহিদা নিয়ন্ত্রণ, জরুরি ভিত্তিতে জ্বালানি আমদানি বৃদ্ধি, বিকল্প উৎস ব্যবহারের মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখা এবং জ্বালানি রেশনিং ও খুচরা বিক্রয়ে সীমা নির্ধারণ। পাশাপাশি মজুতদারি ও আতঙ্কজনিত কেনাকাটা ঠেকাতে ‘ফুয়েল অ্যাপ’ চালু করা হয়েছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান সংকট ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে, যার প্রভাব দীর্ঘমেয়াদে উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে।
প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে চলমান জ্বালানি সংকট সেই অর্জনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই স্বল্পোন্নত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে এ সংকটের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব থেকে রক্ষায় সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি।
সম্মেলন আয়োজনের জন্য জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ধন্যবাদ জানান তারেক রহমান। ভার্চুয়ালি আয়োজিত এ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুরের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেন। সমাপনী বক্তব্য দেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
প্রধানমন্ত্রী বিকেলে সংসদ ভবন থেকে ভার্চুয়ালি সম্মেলনে বক্তব্য দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
🕙 প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ । ১২:৫২ অপরাহ্ণ

