ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সারাদেশে দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল খোলা রাখার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকেই বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।
বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দুপুরে মোবাইল ফোনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নতুন সময়সূচির বিষয়টি নিশ্চিত করেন।
নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে সারাদেশে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান চালু রাখা যাবে বলে জানানো হয়েছে।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দোকান মালিক সমিতির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব পড়ে বাংলাদেশেও। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরান পাল্টা প্রতিক্রিয়া জানালে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও সংকট তীব্র আকার ধারণ করে।
এ পরিস্থিতিতে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি-বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়। একইসঙ্গে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরদিন থেকেই কার্যকর করা হয়।
পরবর্তীতে ব্যবসায়ীদের অনুরোধে সেই সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদের পর আবার আগের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছিল।

