বৃহস্পতিবার

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানে গাড়িতে মিলল চট্টগ্রামের চার প্রবাসী ভাইয়ের মরদেহ, এলাকায় শোকের মাতম

🕙 প্রকাশিত : ১৪ মে, ২০২৬ । ৫:০৭ পূর্বাহ্ণ

ওমানের একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা সবাই আবদুল মজিদের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।

ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে থাকতেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিল তাদের। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা করতে বের হয়েছিলেন তারা। কেনাকাটা শেষে ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে।

ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে শ্বাসরোধে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

একই পরিবারের চার ভাইয়ের আকস্মিক মৃত্যুর খবরে রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ