মাদারীপুরের শিবচরে ট্রাকচালক ও তার সহকারীকে হাত-পা বেঁধে ভোজ্য তেলবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনি ও রোববার কুমিল্লা, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—আজিজুল (৩১) ও মোকলেস (৩৩)।
পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ট্রাকচালক ইছরাফিল হোসেন মিয়া ও তার সহকারী আবু বক্কর ঢাকা থেকে ৭৫ ব্যারেল পামওয়েল (প্রায় ১৩ হাজার ৯৫০ লিটার) নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন। তেলের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ ১১ হাজার টাকা।
পরদিন রাত সাড়ে ১২টার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায় পৌঁছালে একটি পিকআপ দিয়ে ট্রাকটির গতিরোধ করে একটি ডাকাতদল। তারা চালক ও সহকারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।
পরে রাত আনুমানিক সোয়া ২টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে চালক ও সহকারীকে হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে তেলবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় তারা।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ট্রাক, নগদ টাকা, ৪টি সাউন্ড গ্রেনেড, ৩ রাউন্ড টিয়ারশেল এবং পুলিশের ব্যবহৃত একটি হেলমেট উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তাররা পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

