নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ শনিবার (১৩ জুন) এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সপরিবারে কক্সবাজারের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, কক্সবাজার পৌঁছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এছাড়া সন্ধ্যায় একটি সুধী সমাবেশেও অংশ নেওয়ার কথা রয়েছে।
এ সফরে প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন এবং কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয়রা আশা করছেন, এ সফরের মাধ্যমে কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের দাবির মধ্যে রয়েছে— চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ। পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ, আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ ব্যবহার এবং শুঁটকি শিল্প রক্ষায়ও সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।
এছাড়া কুতুবদিয়া রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মহেশখালী-কক্সবাজার চ্যানেলে সেতু নির্মাণ, সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন এবং মাদক চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরকারপ্রধানের সফরকে ঘিরে পুরো জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে সমাবেশস্থল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীরা।

