বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি দরগাহ বাড়ি ব্রিজ সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) ফজরের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মানিক চন্দ্র শীল ও তার ছেলে মৃদুল চন্দ্র শীল। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাসায় নতুন গ্যাস সিলিন্ডার স্থাপন করা হয়। বুধবার ভোরে ফজরের নামাজ শেষে মানিক চন্দ্র শীল চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরে উপস্থিত ছিলেন বাবা-ছেলে দুজনই।
বিস্ফোরণে মানিক চন্দ্র শীলের হাত-পা দগ্ধ হয় এবং তার ছেলে মৃদুল চন্দ্র শীল মাথায় আঘাত পান। এছাড়া বিস্ফোরণের ফলে ভবনের জানালার কাচ ভেঙে পড়ে এবং নিচতলার একটি কক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়ার কারণেই এ বিস্ফোরণ ঘটেছে।

