শুক্রবার

১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিকূল আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

🕙 প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ । ৭:২৮ পূর্বাহ্ণ

বৈরী আবহাওয়া, প্রবল ঝড়-বৃষ্টি ও পদ্মা নদীতে তীব্র ঢেউয়ের কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এর ফলে নৌরুটের উভয় প্রান্তে যাত্রীবাহী যানবাহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

একই কারণে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, নদীতে তীব্র ঢেউ ও ঝড়ো বাতাসের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, প্রতিকূল আবহাওয়া ও তীব্র ঝড়ো হাওয়ার কারণে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ