জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর বিষয়ভিত্তিক কুইজে (ইংরেজি) জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে মানিকগঞ্জ জেলার নাম উজ্জ্বল করেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুদে শিক্ষার্থী মো. আদিল হোসেন। জাতীয় পর্যায়ের এই মেধা তালিকায় মানিকগঞ্জের এই খুদে শিক্ষার্থীর অভাবনীয় ও গৌরবময় সাফল্যে এখন পুরো জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে।
এই অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বুধবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম তাঁর নিজস্ব কার্যালয়ে কৃতি এই শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
মেধাবী ছাত্র মো. আদিল হোসেন সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হরগজ শিমুলিয়া এ. আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে কেবল বিদ্যালয়েরই গৌরব নয়, একজন শিক্ষকেরও যোগ্য সন্তান। আদিলের বাবা মানোয়ার হোসেন একই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
বিকেলে ইউএনও কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অথচ আনন্দঘন পরিবেশে আদিল হোসেনের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান এবং হরগজ শিমুলীয়া এ. আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি আ. খ. ম. নূরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, কৃতি শিক্ষার্থীর বাবা ও সহকারী শিক্ষক মানোয়ার হোসেন এবং দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি প্রকৌশলী মোঃ লুৎফর রহমান।
সম্মাননা প্রদানকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম আদিলের ভূয়সী প্রশংসা করে বলেন, “মো. আদিল হোসেন সাটুরিয়ার একজন গর্বিত সন্তান। জাতীয় পর্যায়ে তার এই অনন্য সাফল্য উপজেলার অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের জন্য এক দারুণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।” এই গৌরবময় অর্জনের পেছনে যাদের নিরলস অবদান রয়েছে—সেই আদিলের পরিবার, শিক্ষক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যের প্রতি তিনি অসংখ্য ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে খুদে শিক্ষার্থী আদিল হোসেনের এই অবিস্মরণীয় সাফল্যে হরগজ শিমুলিয়া এ. আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এবং সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যৌথভাবে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
সন্তানের এই গৌরবময় মুহূর্তে পরম করুণাময় আল্লাহর প্রতি গভীর শুকরিয়া জ্ঞাপন করেছেন আদিলের বাবা মানোয়ার হোসেন। একই সাথে তিনি তাঁর সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং সে যেন আগামী দিনে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনতে পারে, সেজন্য দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

