নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) ভোরে জেলা শহরের জজ আদালত সড়কের উত্তর পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভের মাঝখানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তবে দিনভর ঘটনাটি কারও নজরে না আসায় বিষয়টি প্রকাশ্যে আসেনি। পরে শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। এরপর পুলিশ তদন্তে সক্রিয় হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ স্মৃতিস্তম্ভ ও আশপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশের কিছু অংশ পুড়ে যায়। ভিডিওতে উপস্থিত একজনকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে এবং বক্তব্য দিতে শোনা যায়।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “স্মৃতিস্তম্ভে কারা এবং কখন আগুন দিয়েছে, সে বিষয়ে আগে কোনো তথ্য আমাদের কাছে ছিল না। যারা এ কাজ করেছে, তারাই ভিডিওটি ফেসবুকে আপলোড করেছে।”
তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে আগুনের কারণে স্মৃতিস্তম্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিও ফুটেজ ও আশপাশের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

