রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

🕙 প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ । ৫:১৫ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জন বাংলাভাষীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১৪ জুন) ভোরে দর্শনা সীমান্তের ৭৬ ও ৭৭ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ভোর ৫টার দিকে ভারতের নদীয়া জেলার গেদে সীমান্ত ও আশপাশ এলাকার বিএসএফ সদস্যরা ১১ জন বাংলাভাষীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, সীমান্তে বিজিবির টহলদল আগে থেকেই সতর্ক অবস্থানে থাকায় বিএসএফের ওই প্রচেষ্টা সফল হয়নি। পরে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের কাঁটাতারের বেড়ার কাছে রেখে সরে যায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, ভোরের সময় অনেক মানুষ বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ব্যস্ত থাকার সুযোগ কাজে লাগিয়ে পুশইনের চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে বিজিবির সদস্যরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

তিনি বলেন, “সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে। বিএসএফ যে কোনো সময় আবারও তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করতে পারে। এ কারণে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।”

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ