রাজশাহীর চারঘাটে পৃথক সময়ে ট্রেন দুর্ঘটনায় এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ও গভীর রাতে ঘটে যাওয়া এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে শলুয়া ইউনিয়নের হলিদাগাছী এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, তার বয়স আনুমানিক ৩৫ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
অন্যদিকে, একই দিন গভীর রাতে নিমপাড়া ইউনিয়নের হবিবপুর কালাবিপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই এলাকার জুলুম প্রামানিকের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটতে পারে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

