রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার সীমান্ত থেকে মুক্তি, দেশে ফিরলেন ১৪ জেলে

🕙 প্রকাশিত : ১০ মে, ২০২৬ । ৭:৩৭ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলে দেশে ফিরেছেন। বিজিবির মধ্যস্থতায় শুক্রবার নাফ নদীর জিরো লাইনের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন-২ টেকনাফের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফেরত আসাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং একজন রোহিঙ্গা রয়েছেন বলে জানিয়েছে বিজিবি। পরে তাদের টেকনাফ জেটিতে নিয়ে আসা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ ও ২০২৬ সালে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ ধরার সময় জেলেরা অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় আরাকান আর্মি তাদের আটক করে নিজেদের নিয়ন্ত্রিত ক্যাম্পে নিয়ে যায়।
বিষয়টি জানার পর মানবিক দিক বিবেচনায় নিয়ে বিজিবির কক্সবাজার অঞ্চল আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করে। দীর্ঘদিনের সমন্বয় ও আলোচনার পর ধাপে ধাপে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতি আসে।
বর্তমানে ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ কাজে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করছে।
লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান বলেন, “সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের জনগণ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমেই আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, মিয়ানমারে এখনো আটক থাকা অন্য জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পাওয়ার খবরে জেলেদের পরিবারে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ