যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের লক্ষ্যে মার্কিন সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রহণের সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আমরা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলছে।
সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করতে আসা লিমনের মামা জানান, তাকে জামালপুরে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে।
গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। আট দিন পর, ২৪ এপ্রিল পুলিশ লিমনের মরদেহ উদ্ধার করে। পরবর্তী ফরেনসিক পরীক্ষার পর ৩০ এপ্রিল শনাক্ত করা হয় বৃষ্টির মরদেহ।
এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ এপ্রিল হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে লিমনকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত হিশামের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে বাদ জোহর নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা শেষে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন এবং নাহিদা সুলতানা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছিলেন।
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত
🕙 প্রকাশিত : ৪ মে, ২০২৬ । ৫:১৬ পূর্বাহ্ণ

