শুক্রবার

২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মানব পাচার দমনে সচেতনতার পাশপাশি চাই মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি’

🕙 প্রকাশিত : ২২ মে, ২০২৬ । ১১:২৪ পূর্বাহ্ণ

মানব পাচার দমনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। বিভাগভিত্তিক মানব পাচার দমন ট্রাইব্যুনাল গঠন করা হলে এই বিচার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। একই সঙ্গে মানব পাচারকারী ও তাদের সহায়তাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

বুধবার মানিকগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান এসব কথা বলেন। ‘মানব পাচার প্রতিরোধ প্রকল্প’ (Combating Human Trafficking through Strengthening 4Ps)-এর আওতায় মানব পাচার প্রতিরোধে জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে এই সভার আয়োজন করা হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এসকে, এম তোফায়েল হাসান আরও বলেন, সরকারি উপায়ে শ্রম অভিবাসনের পদ্ধতি জটিল ও দীর্ঘমেয়াদি হওয়ায় সাধারণ মানুষ সমুদ্রপথে বিদেশ যাওয়ার চেষ্টা করছে।’ এছাড়া মানব পাচার দমন ও প্রতিরোধ – এই দুটি বিষয়কেই বিবেচনায় নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে অংশীদারদের প্রতি আহ্বান জানান তিনি।
মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোঃ মাহমুদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) মো’তাছিম বিল্যাহ এবং ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মারুফ আহমেদ।
সভাপতির বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোঃ মাহমুদুল ইসলাম বলেন, দেশে আটটি মানব পাচার দমন ট্রাইব্যুনাল থাকার পরও সেখানে মামলার সংখ্যা আশঙ্কাজনকভাবে কম। জেলা বার কাউন্সিলের সঙ্গে অংশীদারত্ব তৈরি করলে ভুক্তভোগীদের বিচার প্রাপ্তি সহজ হবে। পাশাপাশি বিদেশ গমনেচ্ছুদের জন্যে সরকারি-বেসরকারি সংস্থার হেল্প ডেস্ক থাকলে বিদেশগামীদের তথ্য প্রাপ্তি সহজ হবে এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি কমবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শিহাবুল হোসেন। তিনি বিশ্বব্যাপী ও বাংলাদেশের মানব পাচারের চিত্র, নিরাপদ অভিবাসন, অভিবাসনে জলবায়ুর প্রভাব এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি হ্রাসে অংশীজনদের ভূমিকা তুলে ধরেন। সভায় আরও বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) দুরাখসা জাহান প্রিয়াংকা, জেলা আদালতের প্রসিকিউটর এ এফ এম নূরতাজ আলম বাহার, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ মাসুদুল হক, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার আজিজ আহমেদ এবং মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস।
এর আগে সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিকগঞ্জের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের (এমআরএসসি) কো-অর্ডিনেটর রোমানা আফরোজা।

সভায় জেলার অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং মানব পাচারের শিকার সারভাইভাররা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ