তারকাদের ব্যতিক্রমধর্মী সম্মাননা ও দামি উপহার দিয়ে আবারও আলোচনায় এসেছে চ্যানেল আই। এবার ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাতে তুলে দেওয়া হয়েছে প্রায় ৭২ লাখ টাকা মূল্যের বিলাসবহুল রোলেক্স ঘড়ি। এর আগে একই আয়োজনে চিত্রনায়িকা অপু বিশ্বাস পেয়েছিলেন স্বর্ণের তৈরি বিশেষ কলস।
শনিবার (১৩ জুন) বৃষ্টিভেজা দুপুরে চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর অভিনেতার হাতে রোজ গোল্ড এডিশনের রোলেক্স ঘড়িটি তুলে দেন। জানা গেছে, ঘড়িটির মূল্য প্রায় ৭১ লাখ ৯৭ হাজার টাকা।
হঠাৎ এমন ব্যতিক্রমী উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাকিব খান। তিনি জানান, কয়েক দিন ধরেই এমন একটি ঘড়ি কেনার ইচ্ছা ছিল তার। কিন্তু তার আগেই সেটি উপহার হিসেবে পেয়ে তিনি বিস্মিত ও আনন্দিত।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাকিব বলেন, “আমি কখনও ভাবিনি একজন মানুষ আরেকজনকে কিংবা একজন শিল্পীকে এত মূল্যবান উপহার দিতে পারেন। এটা আসলে সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব।”
তিনি আরও বলেন, শিল্পীদের দুঃসময়ে পাশে দাঁড়ানো, চিকিৎসাসহ বিভিন্ন সহায়তায় চ্যানেল আইকে সবসময় এগিয়ে আসতে দেখা যায়। শিল্পীদের প্রতি এমন সম্মান ও ভালোবাসা সত্যিই প্রশংসনীয়।
এই উপহারকে নিজের জীবনের স্মরণীয় অর্জন উল্লেখ করে শাকিব বলেন, “এই ঘড়িটি এখন আমার কাছে অমূল্য সম্পদ হয়ে গেল। আমি চাই এটি সারাজীবন আমার সংগ্রহে থাকুক। এই মুহূর্তকে আমি সবসময় সুখকর স্মৃতি হিসেবে মনে রাখব।”
এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসও ফরিদুর রেজা সাগরের কাছ থেকে বিশেষ সম্মাননা হিসেবে স্বর্ণের তৈরি একটি কলস উপহার পান। সেই সময় অপু বিশ্বাস জানিয়েছিলেন, এমন সম্মান ও ভালোবাসা তার ক্যারিয়ারের অন্যতম আবেগঘন ও মূল্যবান প্রাপ্তি।

