বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আজ এক গভীর সংকটের মুখোমুখি। কাগজে-কলমে শিক্ষার হার বাড়লেও গুণগত মানে পিছিয়ে থাকার বাস্তবতা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনগুলো সেই উদ্বেগই সামনে এনেছে। দেখা যাচ্ছে, উচ্চমাধ্যমিক পাস করা একজন শিক্ষার্থীর জ্ঞান অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডে নিম্ন শ্রেণির সমতুল্য—যা নিঃসন্দেহে একটি জাতির জন্য অশনিসংকেত।
এই ‘শিক্ষণ ঘাটতি’র পেছনে রয়েছে একাধিক কাঠামোগত ও দৃষ্টিভঙ্গিগত সমস্যা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের অভাব। বিভিন্ন তথ্য বলছে, মাধ্যমিক স্তরের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষক প্রয়োজনীয় দক্ষতার মান পূরণ করতে পারছেন না। নিয়োগে অস্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব এবং প্রশিক্ষণের ঘাটতি এই সমস্যাকে আরও জটিল করেছে।
একই সঙ্গে শিক্ষাব্যবস্থা ক্রমেই সনদনির্ভর হয়ে পড়েছে। শেখার উদ্দেশ্য জ্ঞান অর্জন নয়, বরং পরীক্ষায় ভালো ফল করা—এমন প্রবণতা শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কোচিং ও প্রাইভেট নির্ভরতা, শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং জীবনমুখী শিক্ষার অভাব পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। ফলাফল হিসেবে তৈরি হচ্ছে উচ্চশিক্ষিত কিন্তু দক্ষতাহীন এক বড় বেকার জনগোষ্ঠী।
এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ। প্রথমত, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও সম্মানজনক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে একটি স্থিতিশীল জাতীয় নীতির আওতায় পরিচালনা করা জরুরি। ঘন ঘন নীতিপরিবর্তন শিক্ষার ধারাবাহিকতা নষ্ট করে।
তৃতীয়ত, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মৌলিক দক্ষতা—পঠন, লিখন ও গণিতে জোর দিতে হবে। পাশাপাশি তাত্ত্বিক শিক্ষার সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শ্রমবাজারের সঙ্গে শিক্ষার সংযোগ স্থাপন করা প্রয়োজন। গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নেও বিনিয়োগ বাড়াতে হবে।
বাস্তবতা হলো, শুধু পাশের হার বাড়িয়ে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে প্রয়োজন গুণগত, অন্তর্ভুক্তিমূলক ও দক্ষতাভিত্তিক শিক্ষা। এখনই সময়, সনদকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে বাস্তব দক্ষতা অর্জনের পথে এগিয়ে যাওয়ার।
সনদ নয়, দক্ষতা চাই: শিক্ষার গুণগত উন্নয়ন এখন সময়ের দাবি
🕙 প্রকাশিত : ৪ মে, ২০২৬ । ৫:৫৫ পূর্বাহ্ণ

