যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা ও দাফন আজ সোমবার (৪ মে) মাগরিবের পর তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে অনুষ্ঠিত হবে।
লিমনের চাচা সুজন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার বাবা-মা ও স্বজনরা। সেখান থেকে মরদেহ প্রথমে গাজীপুরের মাওনায় তাদের বাসায় নেওয়া হবে, যেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামের বাড়িতে জানাজা ও দাফনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
লিমনের মৃত্যুসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীসহ বিভিন্ন স্থান থেকে মানুষ তার জানাজায় অংশ নিতে বাড়িতে ভিড় করছেন।
গ্রামবাসীরা জানান, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবারসহ ঢাকায় চলে যান এবং সেখানে বসবাস শুরু করেন। তিনি একটি টেক্সটাইল কারখানায় চাকরি করেন। তবে মাঝেমধ্যে পরিবারসহ গ্রামের বাড়িতে আসতেন।
শিক্ষাজীবনে মেধাবী লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে ২০২৪ সালের জুলাইয়ে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে তার দেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। তিনি সেখানে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার সাবেক রুমমেট হিশাম আবুগারবিয়েহ (২৬)-কে গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়।
ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমন আজ গ্রামের বাড়িতে দাফন
🕙 প্রকাশিত : ৪ মে, ২০২৬ । ৫:২৮ পূর্বাহ্ণ

