বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ ও যাত্রীসেবায় ব্যস্ত বিমানবন্দরগুলোকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। এর অংশ হিসেবে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
বুধবার (২০ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হবে। সরকার জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময় পার হয়েছে। তাই ধাপে ধাপে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আফরোজা খানম সাংবাদিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, দেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। যেসব বিমানবন্দর দেশের অর্থনীতি, যোগাযোগ ও জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।
পরে তিনি সড়কপথে ঠাকুরগাঁও জেলা সফরের উদ্দেশ্যে রওনা হন। এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

