দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৯ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মোট মৃতদের মধ্যে ৭৭ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দুজন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ২৬৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন। এছাড়া নতুন করে ৭৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এর পর চট্টগ্রাম বিভাগে ২৩০ জন এবং বরিশাল বিভাগে ১৪৭ জন রোগী শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, যেখানে নতুন করে ৫৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

