প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কুমিল্লা সফরকে ঘিরে উচ্ছ্বাসে মেতেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। শনিবার (১৬ মে) চাঁদপুর সফরের পথে কুমিল্লায় প্রবেশ করলে বিভিন্ন স্থানে তাকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইতোমধ্যে তিনি দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকা অতিক্রম করেছেন। এ সময় সড়কের দুই পাশে ব্যানার-ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা হাত নেড়ে ও করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
দলীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দিতে বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেনের অনুসারীরা, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতাকর্মীরা, দাউদকান্দিতে এমপি আতিকুল ইসলাম শাওনের অনুসারীরা, বুড়িচং উপজেলার নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন এবং কুমিল্লা পদুয়ার বাজারে এমপি মনিরুল হক চৌধুরীর নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আসছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। মাননীয় ধর্মমন্ত্রীর নির্দেশে প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে আমরা ইলিয়টগঞ্জ বাজারে তাকে স্বাগত জানাতে এসেছি।”
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কুমিল্লাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

