মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনকারী ও মাদক কারবারিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১১ মে) রাতে উপজেলার বাড়াদিয়া গ্রাম এবং ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী সংযোগ মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে মনোয়ার হোসেন (৬৩)কে ৫ দিনের, ওমর ফারুক (৩৫) ও সুজন মোল্লা (২৫)কে ১৫ দিনের এবং বাকি চারজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেকের ওপর ১০০ টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে।
অভিযানে আটক অন্যরা হলেন রহমান সরদার (৪৫), আয়নাল হক (৫২), আলম শেখ (৩৫) ও শওকত আলী (৫৫)।
এদিকে মঙ্গলবার (১২ মে) সকালে উথুলী সংযোগ মোড় এলাকায় আরও একটি অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ রজ্জব আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শিবালয় থানার ওসি মো. মনির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের সাজা দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলা জুড়ে মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

