রবিবার

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইছামতী নদীর ভাঙা সেতুতে ২৩ বছরের দুর্ভোগ, ঝুঁকি নিয়ে পারাপার ১০ গ্রামের মানুষ

🕙 প্রকাশিত : ১০ মে, ২০২৬ । ৯:২৬ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা এলাকায় ইছামতী নদীর ওপর নির্মিত সেতুটি দুই দশকের বেশি সময় ধরে কার্যত অচল অবস্থায় পড়ে আছে। ২০০২ সালে নির্মাণের পরপরই বন্যার প্রবল স্রোতে সেতুটির পশ্চিম পাশের অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুনর্নির্মাণ না হওয়ায় আশপাশের অন্তত ১০-১২টি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০০২ সালে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে ইছামতী নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু নির্মাণের বছরেই বন্যা ও নদীভাঙনের কারণে সেতুর পশ্চিম অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পূর্ব পাশের দুটি পাটাতনও ধসে পড়ে। এরপর থেকে এলাকাবাসী বাধ্য হয়ে ক্ষতিগ্রস্ত অংশের ওপর বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করে আসছেন। বর্তমানে সেই সাঁকোটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সরেজমিনে দেখা যায়, কুস্তা, ঠাকুরকান্দি, ভররা, বিনোদপুর, খলসী, কুমুরিয়া, বনগাঁও, নারচি ও জিয়নপুরসহ আশপাশের গ্রামের মানুষ এই ভাঙা পথ ব্যবহার করছেন। সেতুটি অকেজো হয়ে থাকায় কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। এতে স্থানীয় ব্যবসায়ীদের পরিবহন খরচ বেড়ে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও রোগীরা।
কুস্তা কফিল উদ্দিন দরজী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র হাসান জানায়, স্কুলে যাওয়া-আসার পথে ভাঙা সেতু পেরোতে হয় প্রতিদিন। সে বলে, “জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই সেতু পার হতে হয়।”
স্থানীয় বাসিন্দা প্রকাশ দাশ ও নিতিশ দাশ জানান, কয়েক বছর আগে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করা হলেও সেটিও এখন ভেঙে পড়েছে। বর্ষা মৌসুমে স্রোত ও ভাঙনের কারণে পারাপার আরও বিপজ্জনক হয়ে ওঠে।
ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, “প্রায় ২৩ বছর ধরে আমরা এই ভোগান্তি সহ্য করছি। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দ্রুত একটি নতুন সেতু নির্মাণ এখন জরুরি হয়ে পড়েছে।”
ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম জানান, সেতু নির্মাণের বিষয়ে এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। তারা দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, সেতুটির বর্তমান অবস্থা সম্পর্কে তারা অবগত আছেন এবং দ্রুত নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ