রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যার পর পালালেন গৃহকর্তা

🕙 প্রকাশিত : ৯ মে, ২০২৬ । ৭:৫৪ পূর্বাহ্ণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়ার পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) রাতে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩৫), তিন মেয়ে মিম (১৫), মারিয়া (১২), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, ফোরকান মিয়া কাপাসিয়ার রাউতকোনা এলাকায় মনির হোসেনের বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, শুক্রবার রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে স্ত্রী, সন্তান ও শ্যালককে খাওয়ান ফোরকান। পরে গভীর রাতে স্ত্রী শারমিনকে জানালার গ্রিলের সঙ্গে হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেন। এরপর ঘুমন্ত অবস্থায় তিন মেয়ে ও শ্যালককেও একইভাবে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পরপরই ফোরকান মিয়া পালিয়ে যান। পরে তিনি স্বজনদের মোবাইল ফোনে কল করে হত্যার বিষয়টি জানান বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ওসি শাহিনুর আলম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হত্যার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ