বৃহস্পতিবার

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফজলুর রহমান

🕙 প্রকাশিত : ৭ মে, ২০২৬ । ১১:৩৬ পূর্বাহ্ণ

আগাম বন্যা ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে সচিবালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও জরুরি সহায়তার বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রবেশ করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তার ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বিকেল ৪টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাওরাঞ্চলের সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও কৃষকদের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরবেন। একই সঙ্গে পুনর্বাসন, খাদ্য সহায়তা ও জরুরি পদক্ষেপের বিষয়েও আলোচনা হবে।
এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, বন্যার পরপরই প্রধানমন্ত্রী তাকে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী, যা তিনি ‘সাহসী ও সময়োপযোগী উদ্যোগ’ হিসেবে উল্লেখ করেন।
হাওরাঞ্চলের এবারের ক্ষয়ক্ষতিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় দুর্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “শুধু আগাম বন্যাই নয়, টানা বৃষ্টির কারণেও ব্যাপক ক্ষতি হয়েছে। উজান-ভাটির বিভাজন ছাড়াই প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে।”
সংসদ সদস্য আরও জানান, তার নির্বাচনি এলাকার ২৪টি ইউনিয়নই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংসদ অধিবেশন শেষে তিনি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ