বৃহস্পতিবার

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মাঝেই বৈরুতে ইসরায়েলের বিমান হামলা, বাড়ছে নতুন সংঘাতের শঙ্কা

🕙 প্রকাশিত : ৭ মে, ২০২৬ । ৪:৫৮ পূর্বাহ্ণ

ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির এক মাস পূর্ণ হওয়ার আগেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে লেবাননের পরিস্থিতি। বুধবার (৬ মে) রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে চলমান নাজুক শান্তি প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ইউনিটের এক কমান্ডার। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ওই কমান্ডার নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি হিজবুল্লাহ বা লেবাননের সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলমান থাকলেও আপাতত উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি বলেন, লেবানন শুধু সাময়িক সমাধান নয়, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা চায়। এজন্য দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সূচি প্রয়োজন বলে মনে করছে বৈরুত। একই সঙ্গে দেশের সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলি হামলা বন্ধ না হলে নেতানিয়াহুর সঙ্গে কোনো ধরনের বৈঠকের পরিবেশ তৈরি হবে না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে চলতি বছরের মধ্যেই একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে বৈরুতে নতুন এই হামলার পর সেই সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
হিজবুল্লাহ শুরু থেকেই ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগের বিরোধিতা করে আসছে। বিষয়টি লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভাজন তৈরি করেছে। অন্যদিকে ইসরায়েল বলছে, উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে একটি নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।
তবে রাজধানী বৈরুতের কেন্দ্রঘেঁষা এলাকায় নতুন করে বিমান হামলা চালানোয় মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।
সূত্র: রয়টার্স

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ