যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৫ মে) দূতাবাস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ৪ মে দেশে আনা হয়েছে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ দুবাই নেওয়া হবে। সেখান থেকে আরেকটি ফ্লাইটে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, স্থানীয় সময় ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এই দুই পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হন। পরবর্তীতে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে একজন সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

