রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমের স্বাধীন সমালোচনায় জোর, ‘ভাইব্রেন্ট মিডিয়া’ দেখতে চান তথ্য উপদেষ্টা

🕙 প্রকাশিত : ৩ মে, ২০২৬ । ১০:৫৮ পূর্বাহ্ণ

গণমাধ্যমকে সরকারের বিরুদ্ধে যৌক্তিক ও শক্ত অবস্থানে থেকে সমালোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশে আবারও একটি শক্তিশালী ও প্রাণবন্ত গণমাধ্যম গড়ে উঠুক—এটাই তার প্রত্যাশা।
রোববার (৩ মে) রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “আপনারা প্রত্যেকে সরকারের যেকোনো ধরনের যৌক্তিক সমালোচনা দৃঢ়ভাবে চালিয়ে যাবেন। এই দেশে আবার দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া তৈরি হোক—আমি সেটাই দেখতে চাই।” তিনি আরও উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক সরকারের জন্য গণমাধ্যমের সঙ্গে বিরোধে জড়ানো কখনোই বুদ্ধিমানের কাজ নয়। তাই সরকার গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে চায়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন জাহেদ উর রহমান। তিনি অভিযোগ করেন, তার বক্তব্য বিকৃত করে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে তাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানোকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কিছু মূলধারার গণমাধ্যমেও ‘মিস ইনফরমেশন’ ও ‘ডিজইনফরমেশন’ ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ‘ফেক নিউজ’-এর বিরুদ্ধে সরকার আইনগতভাবে ব্যবস্থা নেবে এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে দ্রুত বৈঠকের মাধ্যমে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি, ৫ আগস্টের পর আটক সাংবাদিকদের মুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে উল্লেখ করেন।
নারীদের বিরুদ্ধে সাইবার সহিংসতা প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এ বিষয়ে সরকার কঠোর অবস্থান নেবে।
এছাড়া রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, বিটিভির বার্ষিক বাজেট ৩২০ কোটির বেশি হলেও আয় মাত্র ১৫ থেকে ১৬ কোটি টাকা, যা প্রতিষ্ঠানটির পুনর্গঠনের প্রয়োজনীয়তা নির্দেশ করে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ