শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাকালুর চূড়ায় লাল-সবুজ, নতুন ইতিহাস গড়লেন বাবর আলী

🕙 প্রকাশিত : ২ মে, ২০২৬ । ৫:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশের পর্বতারোহণে আরেকটি গৌরবময় অধ্যায় যুক্ত হলো। হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় আরোহণ করেছেন দেশের পর্বতারোহী বাবর আলী। শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই শৃঙ্গে উঠে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান।

এই সাফল্যের মাধ্যমে বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের ১৪টি আট-হাজারি শৃঙ্গের মধ্যে পাঁচটি জয় করার অনন্য কৃতিত্ব অর্জন করলেন। মাকালু আরোহণ অভিযানটি ছিল অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ। টানা প্রায় সাড়ে আট ঘণ্টার পরিশ্রমের পর তিনি এই শিখরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন অভিজ্ঞ শেরপা আং কামি।

বর্তমানে তিনি শীর্ষ থেকে নিচে নেমে আসার পথে রয়েছেন। পর্বতারোহণে চূড়ায় ওঠার মতোই নিচে নামাটিও সমান ঝুঁকিপূর্ণ হওয়ায় তার নিরাপদে বেসক্যাম্পে ফেরার জন্য সহযাত্রীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পিরামিড আকৃতির মাউন্ট মাকালু নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত। পর্বতারোহীদের কাছে এটি ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত। আশপাশে বড় কোনো পাহাড় না থাকায় প্রবল বাতাসে বরফ সরে গিয়ে কালো পাথর দৃশ্যমান হয়—এই বৈশিষ্ট্য থেকেই এর নাম ‘মাকালু’ বলে ধারণা করা হয়।

বাবর আলী তার এই অভিযানের নাম দেন ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’। এর প্রস্তুতির জন্য তিনি চলতি বছরের ৭ এপ্রিল নেপালে যান।

এর আগে ২০২২ সালে আমা দাবালাম জয়, ২০২৪ সালে একই অভিযানে এভারেস্ট ও লোৎসে আরোহণ, ২০২৫ সালে অন্নপূর্ণা-১ জয় এবং কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু শৃঙ্গে আরোহণসহ একাধিক আন্তর্জাতিক সাফল্য অর্জন করে তিনি নিজেকে দেশের শীর্ষ পর্বতারোহীদের কাতারে প্রতিষ্ঠিত করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ