রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি জানান, জিয়াউর রহমান প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রমনীতি ও বিভিন্ন সংস্কার দেশের শ্রমকল্যাণের ভিতকে শক্তিশালী করেছে। ১৯৭৬ সালে তিনি মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার প্রতিষ্ঠা করেন এবং মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন। এই পদক্ষেপই পরবর্তীতে দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা প্রবাহের নতুন দিগন্ত উন্মোচন করে।
তিনি বলেন, “আজ যে রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।”
রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় ‘শ্রম আইন ২০০৬’ প্রণয়ন এবং শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কল্যাণের ভিত্তি আরও সুদৃঢ় হয়। তিনি বলেন, বর্তমান সরকারও শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপত্তা, স্বাস্থ্য এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, শিল্প, কৃষি, পরিবহনসহ সব খাতে শ্রমিকদের নিরলস পরিশ্রমের পাশাপাশি প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এবং তৈরি পোশাক শিল্প দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস।
তিনি জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশ শ্রমখাত উন্নয়নে কাজ করছে এবং ইতোমধ্যে ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল স্বাক্ষর করেছে।
বন্ধ সরকারি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। পাশাপাশি শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এতে উৎপাদনশীলতা বাড়বে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে।
নারী শ্রমিকদের জন্য সমকাজে সমান মজুরি, মাতৃত্বকালীন ছুটি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে মিরপুরের রূপনগরে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে নিহত ১৩ শ্রমিকের প্রতি গভীর শোক প্রকাশ করেন তিনি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়তার আশ্বাস দেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিল্পকারখানায় নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানান রাষ্ট্রপতি।
শেষে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক, নিরাপদ ও টেকসই শ্রমব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
রেমিট্যান্স খাতের সূচনা জিয়াউর রহমানের হাত ধরেই: রাষ্ট্রপতি
🕙 প্রকাশিত : ১ মে, ২০২৬ । ৯:০২ পূর্বাহ্ণ

