মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার পপি। এ সময় অবৈধভাবে মজুদকৃত ২৪ ড্রাম অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানকালে সিরাজপুর বাজারের মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের দুটি গুদামঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ২৪ ড্রাম অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়।এসব জ্বালানি তেল বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে সংগ্রহ করে গুদামজাত করা হয়েছিল এবং পরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. মিলন মাহমুদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় গুদামে থাকা সকল জ্বালানি তেল।
জব্দকৃত তেল কর্মকর্তাদের উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ জনগণের কাছে বিক্রি করা হচ্ছে। এছাড়া বিক্রির মাধ্যমে প্রাপ্ত সকল অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

