সোমবার

২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ কোটি হাতকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

🕙 প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ । ১২:৩৬ অপরাহ্ণ

২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে অলস না রেখে দেশ গড়ার কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “এই বিশাল জনশক্তিকে কাজে লাগাতে পারলে দেশ দ্রুত এগিয়ে যাবে।”

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার উলসী-যদুনাথপুর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। “আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা প্রয়োজনে তিলে তিলে রক্ত দিয়ে হলেও বাস্তবায়ন করব,”—যোগ করেন তিনি।

তিনি জানান, প্রায় ৫০ বছর ধরে দখল ও ভরাট হয়ে থাকা চার কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের মাধ্যমে ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। এতে অতিরিক্ত প্রায় ১ হাজার ৪০০ টন খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে এবং প্রায় ৭২ হাজার মানুষ এর সুফল পাবেন। খালের দুই পাড়ে ৩ হাজার গাছ রোপণের কথাও জানান তিনি।

ছবি: সংগৃহীত

গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার ‘জিয়া খাল’ খননের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, খালে পানি থাকলে স্থানীয় নারীরা হাঁস পালনসহ বিভিন্ন কার্যক্রমে যুক্ত হয়ে আয় বাড়াতে পারবেন।

নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করেছিলেন, যা ভবিষ্যতে ডিগ্রি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ উপবৃত্তির কথাও উল্লেখ করেন তিনি।

নারী প্রধান পরিবারকে সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ ও ‘এলপিজি কার্ড’ চালুর কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে এবং রান্নার সুবিধার্থে গ্যাস সুবিধাও নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়। ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতাও চালু করা হয়েছে।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কিছু মহল বিভ্রান্তি ছড়িয়ে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করতে চাইছে। এদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষে “গড়বো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সিঙ্গাপুর যদি ৫০ বছরে বদলে যেতে পারে, বাংলাদেশও পারবে।”

সমাবেশে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে উলসী খালের ওপর একটি আধুনিক সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে কোদাল হাতে মাটি কেটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ