সোমবার

২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন ও জনসভায় ব্যস্ত দিন

🕙 প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ । ৪:৩৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার যশোর সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি ঢাকা থেকে আকাশপথে যশোরে পৌঁছাবেন। সফরের শুরুতেই শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে একটি সুধী সমাবেশে বক্তব্য দেবেন।
পরে বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
যশোরের উন্নয়নে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে উলশী খালটি স্থানীয় কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্তরের দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা এ খাল দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে পড়েছিল। বর্তমানে সেটি পুনঃখননের উদ্যোগ নেওয়ায় কৃষি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এছাড়া যশোর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত উন্নয়ন কর্মসূচি এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দিনভর কর্মসূচি শেষে আজ রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ