বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি স্বল্পব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশিদের জন্য উন্নত চিকিৎসা সহজলভ্য করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে বাংলাদেশের চিকিৎসাখাতের সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
হাইকমিশনার বলেন, দুই দেশের সহযোগিতা শুধু সরকার পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করেও তা এগিয়ে নেওয়া হচ্ছে। “এটি কেবল একটি ব্যবসায়িক উদ্যোগ নয়, বরং একটি জনকেন্দ্রিক সহযোগিতা,” যোগ করেন তিনি।
চুক্তির আওতায় বাংলাদেশি রোগীরা ভিসা সহায়তা, উন্নত চিকিৎসা, আবাসন সুবিধা এবং বিমান ভাড়ায় বিশেষ ছাড় পাবেন বলে জানান আয়োজকরা। মেডিকেল ট্যুরিজম খাতকে আরও সুসংগঠিত করতে দুই দেশের বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রণয় ভার্মা।
তিনি বলেন, স্বাস্থ্যসেবায় ভারতের দক্ষতা ও সক্ষমতা বিশ্বব্যাপী স্বীকৃত। এর মাধ্যমে দুই দেশের মধ্যে জ্ঞান বিনিময় ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের নতুন সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ প্রক্রিয়া আরও সহজ হবে বলে জানানো হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, অগ্রাধিকার ভিত্তিতে দ্রুতই বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা চালু বা সহজতর করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে ভারত সরকার, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

