শুক্রবার

২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

🕙 প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ । ৭:২৮ পূর্বাহ্ণ

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে মারধর ও জুতাপেটার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সেখানে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল।

আহতদের মধ্যে রয়েছেন কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। আহতদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে কলেজের আগের সময়ের আয়-ব্যয়ের হিসাব চান। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তারা প্রভাষক আলেয়া খাতুন হীরা’র ওপর হামলা চালিয়ে তাকে মারধর ও জুতাপেটা করেন। পরে তারা অধ্যক্ষসহ অন্য শিক্ষকদের ওপর হামলা চালায় এবং অফিস কক্ষে ভাঙচুর করে।

ভুক্তভোগী প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কলেজে এসে হিসাবের নামে চাঁদা দাবি করছিলেন। তিনি প্রতিবাদ করায় তার ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে অভিযুক্ত আকবর আলী দাবি করেন, কলেজের আগের অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে তাদের ওপর আক্রমণ করেন।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি তা প্রত্যাখ্যান করায় এই বিরোধের সৃষ্টি হয়।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ আগে থেকেই উপস্থিত ছিল। তবে কিছু লোক জোরপূর্বক কলেজে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ